প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সুলতান আল এনাম ||
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহের আয়োজনে র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।বুধবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্যের পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। চালকদের দায়িত্বশীল আচরণ, যানবাহন চালানোর সময় সতর্কতা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং পথচারীদের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখা জরুরি।বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব