প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
গজারিয়ায় অতর্কিত টেটার হামলায় ৫ জন আহত, ঢাকায় দুজন
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের গজারিয়ায় অতর্কিত টেটার হামলায় অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন গেয়াস উদ্দিন মেম্বারের ছোট ভাই আতাউর রহমান, তার ছেলে বাইজিদ এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য সোহেল। হামলায় আরও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে স্থানীয় রিপন মেম্বারের নির্দেশে ১৯ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল একই গ্রামের গেয়াস উদ্দিন মেম্বারের পরিবারের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় টেটাসহ দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়।
গজারিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব