প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
কচুয়ায় রঘুনাথপুর বাজারে সরকারি শেডের উপর নির্মিত দোকান অপসারণ,
মোঃ আনোয়ার হোসেন ||
চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের রঘুনাথপুর বাজারে সরকারি হাটের শেডের উপর অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপে দোকানটি সরিয়ে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলামের উপস্থিতিতে প্রশাসনের নির্দেশে দোকানটি অপসারণ করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, কাদলা মৌজার সাবেক ১৫৫০ দাগের বর্তমান বিএস ২২২৪/৩৭৫৯ দাগের ৫ শতাংশ জায়গা ক্রয় করেন নুরুল ইসলাম বেপারী। ওই জায়গা ব্যক্তি মালিকানা দাবি করে তার ছেলেরা সরকারি শেডের উপর একটি অস্থায়ী দোকান ঘর নির্মাণ করেন। এ নিয়ে স্থানীয়দের মাঝে সরকারি ও ব্যক্তি মালিকানা নিয়ে কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ গেলে ভূমি অফিস ও সাংবাদিকরা সরেজমিনে পরিদর্শনে যান।এ সময় নুরুল ইসলাম বেপারীর ছোট ছেলে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ওই জমির দলিল, খারিজ, খাজনার দাখিলাসহ সকল কাগজপত্র উপস্থাপন করেন। কাগজপত্র যাচাই-বাছাই শেষে জমির মালিকানা নুরুল ইসলাম বেপারীর বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।তবে সরকারি শেডের উপর দোকান নির্মাণ করায় উপজেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা দোকানটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা রবিউল ইসলাম জানান, "উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির স্যারের নির্দেশে সরকারি শেডের উপর থেকে দোকানটি সরিয়ে নিতে বলা হয়। কাগজপত্র সঠিক থাকলেও বাজারের চারপাশের নির্দিষ্ট পরিধি বা সীমানা (পেরিফেরি) নির্ধারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।"ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম বলেন, "আমার বাবার ক্রয়কৃত জায়গায় দোকান নির্মাণ করা হয়েছে। আমাদের সকল বৈধ কাগজপত্র আছে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।"
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব