প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত, ১৮ যুব উদ্যোক্তাকে সাড়ে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ
এম এ মান্নান,(সাংবাদিক) ||
চৌগাছায় জাতীয় যুব দিবস পালিত, ১৮ যুব উদ্যোক্তাকে সাড়ে ১৮ লাখ টাকা ঋণ বিতরণ
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণপ্রাপ্ত যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১৮ জন যুব উদ্যোক্তার মধ্যে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম।
প্রধান অতিথি: যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মসলে উদ্দিন ফরিদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. মসলে উদ্দিন ফরিদ বলেন, দক্ষ যুবক গড়ে তুলতে হলে তরুণদের অবশ্যই প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর; জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ এখন অনেকটাই হাতের নাগালে। যুবসমাজকে প্রশিক্ষণ, কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হবে। দক্ষতা অর্জন করতে পারলে বিদেশে যাওয়ার ওপর নির্ভর না করেও দেশে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। এর মাধ্যমে বেকারত্ব দূরীকরণ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম, এ, মুনীব, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ ও সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান, জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আরা বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোরশেদ, যুব উন্নয়ন সহায়ক আরাফাত রহমান, প্রেসক্লাব চৌগাছার ক্রীড়া সম্পাদক সাংবাদিক এম এ মান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক ও যুব উদ্যোক্তারা।
অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তা হিসেবে গবাদিপশু পালন, মাছ চাষ, হাঁস-মুরগি পালন ও ছাগল পালনের সঙ্গে যুক্ত উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন শাহীনুর রহমান, মেহেদী, সুমাইয়া আক্তার ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়া যুব সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম জিয়াউল্লাহ জানান, যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার প্রশিক্ষণ শেষে ১৮ জন যুব উদ্যোক্তাকে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। নকশিকাঁথা তৈরি, দুগ্ধখামার, মাছ চাষ এবং গরু-ছাগল মোটাতাজাকরণসহ বিভিন্ন আয়বর্ধক কাজে এ অর্থ বিনিয়োগ করা হবে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব