প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ
মোঃ রফিকুল ইসলাম রিযাজ, ✅ গণমাধ্যম কর্মী ||
“দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা, যুবঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণের মধ্য দিয়ে বাঘাইছড়িতে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে।রোববার (১ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন। মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আসাদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নুর আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন মজুমদার, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাজা এবং ২৯৯ নম্বর সংসদ সদস্যের প্রতিনিধি অলক বিকাশ চাকমা।এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, যুব ক্লাবের সদস্য, প্রশিক্ষণার্থী, সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পাঁচজন যুবক-যুবতীর হাতে যুবঋণের চেক তুলে দেওয়া হয়। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুবকদের দক্ষতা অর্জনের পাশাপাশি উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।
যুবঋণ গ্রহণকারীদের উদ্দেশে বক্তারা বলেন, ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য, কৃষি, মৎস্য চাষ ও গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। ঋণের অর্থ অপচয় না করে পরিকল্পিত বিনিয়োগের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।তারা আরও বলেন, আজকের ঋণগ্রহীতা যুবকরাই আগামী দিনের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠবেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি গ্রহণকৃত ঋণ নির্ধারিত সময়ে পরিশোধ করে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল যুবসমাজই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব