প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
মেঘনায় চাঁদাবাজি রোধে গজারিয়া নৌ পুলিশের বিশেষ অভিযান
অহিদুল ইসলাম , সংবাদদাতা ||
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামসংলগ্ন মেঘনা নদীর নৌপথে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে গজারিয়া নৌ পুলিশ ও মেঘনা থানা পুলিশ।রোববার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে গজারিয়া নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরজিত কুমার ঘোষের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। নৌযানে করে অভিযানে নেতৃত্ব দেন নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সেলিম।পুলিশ সূত্রে জানা গেছে, আড়ালিয়া এলাকার নদীপথে দীর্ঘদিন ধরে বিভিন্ন মালবাহী ও বালুবাহী নৌযানকে ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে নৌপথে চাঁদাবাজি প্রতিরোধ এবং নৌযান চলাচল নিরাপদ রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়।অভিযানকালে নদীপথে বিভিন্ন নৌযানে নজরদারি ও টহল জোরদার করা হয়। একই সঙ্গে নৌযান চালক ও মাঝিমাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্কতামূলক তৎপরতা চালায় পুলিশ।
গজারিয়া নৌ পুলিশ জানিয়েছে, নদীপথে কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। নৌযান চলাচল নির্বিঘ্ন রাখা এবং মাঝিমাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও নিয়মিত টহল আগামীতেও অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব