প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু
মোঃ মাজহারুল ইসলাম নাজমুল , সংবাদদাতা ||
কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যুকুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন (৬০) নামের আরেক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাড়ির পাশের জমিতে বেগুনখেতে নিড়ানি দিচ্ছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে মৌমাছির দল খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনই গুরুতর আহত হন।তাঁদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে উদ্ধার করেন। পরে তাঁদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নবিউল ইসলাম বলেন, মৌমাছির কামড়ে অ্যানাফাইল্যাক্সিস বা তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব