প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে শাহজাহান সানাউল্লাহর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ২০ লাখ ও ৫০ হাজার টাকার দাবি প্রত্যাখ্যান
সুলাইমান আহমদ, সংবাদদাতা ||
কিশোরগঞ্জের দানাপাটুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহান সানাউল্লাহর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ লাখ টাকা এবং ৫০ হাজার টাকার আর্থিক লেনদেনসংক্রান্ত অভিযোগ তুলে একটি পোস্ট ও ফটোকার্ড প্রচার করা হয়েছে। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন শাহজাহান সানাউল্লাহ।সামাজিক যোগাযোগমাধ্যমে রামিম খান নামের একটি আইডি থেকে প্রকাশিত পোস্টে দাবি করা হয়, ২০ লাখ টাকার বিনিময়ে বিএনপির রাজনৈতিক সমর্থন নেওয়া হয়েছে। পাশাপাশি গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দ মাটি কাটার কাজ ৫০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগও তোলা হয়। পোস্টটিতে শাহজাহান সানাউল্লাহর ছবি ব্যবহার করে এসব অভিযোগের জবাব চাওয়া হয়েছে।এ বিষয়ে শাহজাহান সানাউল্লাহ বলেন, ৫০ হাজার টাকায় মাটি কাটার কাজ বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একইভাবে ২০ লাখ টাকার বিনিময়ে বিএনপির মনোনয়ন বা রাজনৈতিক সমর্থন নেওয়ার অভিযোগেরও কোনো ভিত্তি নেই। তিনি বলেন, “আমি টাকা দিয়ে কোনো কাজ করি না। গরিবের টাকা মেরে খাই না।”তিনি আরও বলেন, “তারা আমার জনপ্রিয়তাকে ভয় পেয়ে মিথ্যা রটিয়ে আমার মানহানি করার পথ বেছে নিয়েছে।”শাহজাহান সানাউল্লাহর অভিযোগ, রাজনৈতিকভাবে তাঁর অবস্থান ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে তাঁর নাম ও ছবি ব্যবহার করে এসব প্রচারণা চালানো হচ্ছে।স্থানীয় রাজনৈতিক অঙ্গনের একাধিক সূত্রের ভাষ্য, শাহজাহান সানাউল্লাহ দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দানাপাটুলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন। দলের দুঃসময়ে তাঁর ভূমিকা, ত্যাগ এবং নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে এলাকায় তাঁর একটি পরিচিতি ও সমর্থকগোষ্ঠী রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো তাঁকে দুঃসময়ের পরীক্ষিত রাজনৈতিক সহযোদ্ধা হিসেবে উল্লেখ করেছেন। তাঁদের মতে, রাজনৈতিক প্রতিযোগিতায় ব্যক্তিগত আক্রমণ কিংবা ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে কারও ভাবমূর্তি ক্ষুণ্ন করা সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পরিচায়ক নয়।বাংলাদেশের দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৯৯ ধারায় কোনো ব্যক্তির সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বা সুনাম ক্ষুণ্ন হতে পারে জেনেও মানহানিকর বক্তব্য, লিখিত বিষয় কিংবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে অভিযোগ প্রকাশ বা প্রচারের বিষয়টি মানহানির আওতায় আসতে পারে। একই আইনের ৫০০ ধারায় এ অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে অর্থের বিনিময়ে রাজনৈতিক মনোনয়ন গ্রহণ কিংবা অসহায় মানুষের জন্য বরাদ্দ কাজ বিক্রির মতো গুরুতর অভিযোগ প্রচারের ক্ষেত্রে নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যথাযথ প্রমাণ ছাড়া এমন অভিযোগ প্রচার সংশ্লিষ্ট ব্যক্তির সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করতে পারে এবং আইনগত প্রতিকারের প্রশ্ন তৈরি করতে পারে।২০ লাখ টাকার বিনিময়ে বিএনপির মনোনয়ন বা রাজনৈতিক সমর্থন নেওয়া এবং ৫০ হাজার টাকার বিনিময়ে মাটি কাটার কাজ বিক্রির অভিযোগের পক্ষে কী তথ্য-প্রমাণ রয়েছে, তা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছেন শাহজাহান সানাউল্লাহর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, অভিযোগের সত্যতা থাকলে প্রমাণ উপস্থাপন করা উচিত। আর অভিযোগগুলো ভিত্তিহীন হলে সংশ্লিষ্ট পোস্ট ও ফটোকার্ড প্রত্যাহার করে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করা প্রয়োজন।রাজনৈতিক অঙ্গনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, রাজনীতিতে প্রতিযোগিতা ও সমালোচনা থাকতেই পারে। তবে একজন রাজনৈতিক কর্মীর দীর্ঘদিনের ত্যাগ, সাংগঠনিক ভূমিকা ও ব্যক্তিগত মর্যাদাকে উপেক্ষা করে যাচাইবিহীন অভিযোগ প্রচার করা উচিত নয়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হোক আদর্শ, যোগ্যতা ও জনসেবার ভিত্তিতে, অপপ্রচার ও ব্যক্তিগত মানহানির মাধ্যমে নয়।এ বিষয়ে ফটোকার্ডের প্রকাশক ও প্রচারকারীদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব