প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬
চুনারুঘাটে প্রতিটি ইউনিয়নে ১ কোটি ৩০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ: এমপি আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল
মোঃ ফজলু মিয়া , সংবাদদাতা ||
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সলের উন্নয়ন প্রকল্পের আওতায় চুনারুঘাট উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য ১ কোটি ৩০ লক্ষ টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে ৫টি করে জনকল্যাণমূলক ও অবকাঠামোগত উন্নয়ন কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সংসদ সদস্যের বাসভবনে অনুষ্ঠিত এক বিশেষ উন্নয়ন কমিটির সভায় এই বরাদ্দ চূড়ান্ত ও বন্টন করা হয়। উন্নয়ন কমিটির এ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল।সভায় জানানো হয়, বরাদ্দকৃত এই তহবিলের আওতায় প্রতিটি ইউনিয়নে ৫টি করে উন্নয়নমূলক কাজের জন্য টিআর (টেস্ট রিলিফ), কাবিখা, কাবিটা, গম/চাল এবং ইউনিব্লক রাস্তা নির্মাণের জন্য নগদ ৬৪ লক্ষ টাকা প্রদান করা হচ্ছে। এলাকার গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই বরাদ্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।সভায় সভাপতিত্বকালে সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার প্রতিটি জনপদকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে বর্তমান সংসদীয় ও সরকারি উদ্যোগগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে বাস্তবায়িত হচ্ছে। গ্রামীণ রাস্তাঘাট পাকাকরণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এই বরাদ্দ সঠিকভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজে লাগাতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও উন্নয়ন কমিটিতে থাকা দায়িত্বশীলদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
উন্নয়ন কমিটির এই সভায় এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উন্নয়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে চুনারুঘাট উপজেলার সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব