প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের কল্যাণে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের প্রশংসানীয় উদ্যোগ
আমজাদ হোসেন, সংবাদদাতা ||
আমজাদ হোসেন মিঠু,মুন্সীগঞ্জ প্রতিনিধি:শিক্ষার্থীদের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস ও বেঞ্চ বিতরণ, হলদে পাখির দলের দীক্ষা প্রদান এবং সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।শিক্ষার্থীদের মধ্যে সমতা, আত্মমর্যাদাবোধ ও বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে স্কুল ড্রেস বিতরণ করা হয়। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠগ্রহণের পরিবেশ উন্নত করতে বিদ্যালয়ে ২৫ জোড়া নতুন বেঞ্চ প্রদান করা হয়।শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ও করিডোরে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এছাড়া শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে হলদে পাখির দলের দীক্ষা প্রদান করা হয়।এ সময় শিক্ষার্থীদের পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে আগামী বছর থেকে বিদ্যালয়ে স্কুল মিল চালুর ঘোষণা দেন জেলা প্রশাসক।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, শিশুদের মানসম্মত শিক্ষার পাশাপাশি নিরাপত্তা, পুষ্টি ও সার্বিক বিকাশ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, নিরাপদ পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য, আত্মবিশ্বাসী ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব