প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
বাগআঁচড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল, হাজারো নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ
মোঃ মিলন ||
যশোরের উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শার বাগআঁচড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টায় বাগআঁচড়া হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণসভা শেষে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে হাজার হাজার নেতাকর্মীর মাঝে খাবার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।প্রধান অতিথির বক্তব্যে কুদ্দুস আলী বিশ্বাস বলেন, “প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলাম ছিলেন একজন কালজয়ী জননেতা। তাঁর শূন্যতা আজও আমাদের বুকে হাহাকার সৃষ্টি করে। তাঁর মতো নেতা শুধু দক্ষিণবঙ্গেই নয়, গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন। যশোরের উন্নয়নের প্রতিটি অধ্যায়ে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর হাত ধরেই যশোরের উন্নয়নের অনেক গুরুত্বপূর্ণ ভিত্তি গড়ে উঠেছে। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন এই জননেতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি আলমগীর, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি মুনায়েম, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্যসচিব সেলিম হোসেন আশা। এ ছাড়া বাগআঁচড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।স্মরণসভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম কেবল একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন যশোরের মানুষের আশা-ভরসা ও উন্নয়নের এক স্মরণীয় নাম। তাঁর কর্ম, রাজনৈতিক প্রজ্ঞা ও মানুষের প্রতি ভালোবাসা তাঁকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবে। মৃত্যুবার্ষিকীর এই আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীরা আবারও শ্রদ্ধাভরে স্মরণ করেন তাঁদের প্রিয় এই জননেতাকে।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব