প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ৭০ কারখানায় ছুটি
মোঃ মোস্তাফিজার রহমান আকাশ, সংবাদদাতা ||
আশুলিয়ায় ফের শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, ৭০ কারখানায় ছুটিটানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও কারখানায় ভাঙচুরের পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছিল কর্মপরিবেশ। বৃহস্পতিবার সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও কয়েক ঘণ্টার ব্যবধানে আবারও উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি ও অন্যায়ভাবে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে কারখানায় হাজিরা দিয়েই কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে বিক্ষোভ করেন শ্রমিকদের একটি অংশ। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া, জিরাবো, নরসিংহপুর, ঘোষবাগ ও বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে আশুলিয়া শিল্প পুলিশের আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে ৭০টিতে সাময়িক ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল বলে জানিয়েছে শিল্প পুলিশ।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় যথাসময়ে প্রবেশ করে শ্রমিকেরা হাজিরা নিশ্চিত করেন। পরে তাঁদের একটি অংশ কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। এরপর আশপাশের অন্য কারখানার ফটকে গিয়ে শ্রমিকদেরও বেরিয়ে আসার আহ্বান জানান তাঁরা। একপর্যায়ে জামগড়া এলাকায় আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে পুলিশের একটি গাড়ির কাচ ভেঙে যায়। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।এদিকে সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরে শ্রমিক আন্দোলনে সংঘর্ষে আহত হয়ে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর প্রতিবাদে আশুলিয়ার জিরাবো এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই থেকে আড়াই হাজার শ্রমিক ওই মিছিলে অংশ নেন। মিছিলটি ঘোষবাগ, নরসিংহপুর ও সরকার মার্কেট হয়ে বেরন এলাকার এনভয় গার্মেন্টসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কয়েকটি কারখানার সামনে উত্তেজনা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।অন্যদিকে দোসাইদ এলাকায় ফেব্রিকা নিট কম্পোজিট কারখানার সামনে কয়েকশ বিক্ষোভকারী জড়ো হয়ে কারখানার দুটি ফটক ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এ পরিস্থিতিতে কারখানাটিতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে আশপাশের আরও কয়েকটি কারখানায় ছুটি দেওয়া হয়।শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। সরকার মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নিলেও নতুন মজুরির পরিমাণ ও বাস্তবায়ন নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসায় তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা, অন্যায়ভাবে ছাঁটাই এবং আন্দোলনে অংশ নেওয়ায় হয়রানির অভিযোগও রয়েছে। এসব দাবির পাশাপাশি আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবিতেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা।শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটা ভালো। শিল্প পুলিশের আওতাধীন ১ হাজার ৮৬৩টি কারখানার মধ্যে ৭০টি সাময়িকভাবে বন্ধ রয়েছে। বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। সকালে জামগড়া এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ না করে বেরিয়ে এসে অন্য কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গাজীপুরে শ্রমিকের মৃত্যুর প্রতিবাদেও জিরাবো এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে।তিনি আরও বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ ও শিল্প পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিদাতাদের শনাক্তের চেষ্টা চলছে। শ্রমিকেরা কাজে ফিরে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখবেন বলে আশা করছেন তাঁরা।এদিকে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার সামনে পুলিশ, শিল্প পুলিশ এবং বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া এলাকায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল জোরদারের পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান প্রস্তুত রাখা হয়েছে।শ্রমিক আন্দোলন ঘিরে আগের দিনের সংঘর্ষের রেশও কাটেনি। বুধবার (৪ নভেম্বর) সাভারের হেমায়েতপুর, উলাইল ও আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুলিশ, সাংবাদিক ও পথচারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে পুলিশ জানিয়েছিল। এ সময় পুলিশের একটি গাড়ি ও একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার ও আশুলিয়ার শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছিল। নিরাপত্তা জোরদারে ওই দিন তিন প্লাটুন বিজিবি ও নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।এদিকে শ্রমিক আন্দোলনে উসকানি ও সহিংস কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে গোয়েন্দা পুলিশ তিন শ্রমিক নেতাকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন- বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী। সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা তিনটি মামলায় প্রায় ২ হাজার ৩০০ জনকে আসামি করা হয় এবং বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে আটক করা হয়।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব