জনতার অনলাইন প্রেস ক্লাব

চুনারুঘাটে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি রাসেল মিয়া (২৭) এবং উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোক্তাদির চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দিনগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকা থেকে রাসেলকে এবং রাত ৮টার দিকে চুনারুঘাট পৌর শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে মোক্তাদিরকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের পৃথক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে দুজনকেই সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়। চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মোক্তাদির চৌধুরীর বিষয়ে ওসি বলেন, গত ১৫ আগস্ট রাতে একটি চা-বাগানের ব্যানার টাঙিয়ে তিনি বক্তব্য দিয়েছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের প্রচার-প্রচারণা আইনত নিষিদ্ধ। তার বক্তব্যের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

চুনারুঘাটে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার