জনতার অনলাইন প্রেস ক্লাব

খেলা

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে শাহরাস্তি দল

প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)চাঁদপুরের শাহরাস্তিতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে আয়োজন করা হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এ প্রতিযোগিতায় শাহরাস্তি কাবাডি দল দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছে।শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আয়োজিত এ কাবাডি প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি পুলিশ সদস্য ও কমিউনিটি পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। খেলাধুলার মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।প্রতিযোগিতার বিভিন্ন ধাপ পেরিয়ে শাহরাস্তি কাবাডি দল ফাইনালে ওঠে। দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ওসি মীর মাহবুবুর রহমান নিজেও খেলায় অংশগ্রহণ করেন। তাঁর সরাসরি অংশগ্রহণে মাঠে উপস্থিত খেলোয়াড়, দর্শক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।আয়োজকরা জানান, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা। এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক, কিশোর অপরাধ ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। ফাইনালে ওঠার মধ্য দিয়ে শাহরাস্তি কাবাডি দলের খেলোয়াড়দের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ফাইনাল ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ আয়োজনের মাধ্যমে শাহরাস্তিতে পুলিশ-জনগণের বন্ধন আরও সুদৃঢ় হবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।

কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে শাহরাস্তি দল