মুন্সীগঞ্জের লৌহজংয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপ ও ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জামসহ মোঃ রফিক শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে লৌহজং থানার এসআই (নিঃ) রাজীব সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন টহল ডিউটি করছিলেন। এ সময় উপজেলার কনকসার বাজারে মনির শেখের দোকানের সামনে পাকা সড়কে নম্বরপ্লেটবিহীন একটি পিকআপসহ ৫-৬ জন ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে অবস্থান করতে দেখা যায়।
পুলিশ সদস্যরা তাদের অবস্থানের কারণ জানতে চাইলে তারা বিভিন্ন দিকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মোঃ রফিক শেখ (৪০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার জজবাড়ি এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি স্বীকার করেন, তারা ৫-৬ জন মিলে কনকসার বাজারে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিলেন।
এ ঘটনায় লৌহজং থানায় মামলা নম্বর ০৬ (১১)২৬, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত: ১. একটি নীল রঙের ছোট পিকআপ। ২. একটি কাটার। ৩. একটি স্টিলের সেলাই রেঞ্জ। ৪. কাঠের বাটযুক্ত দুটি লোহার হাতুড়ি। ৫. একটি ছোট লোহার চেইন কপার।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত