দিনাজপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ‘নশিপুর দ্বিমুখী হাইস্কুল অ্যান্ড কলেজ’-এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেশ চন্দ্র রায়সহ কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি এবং শিক্ষাকার্যক্রম ব্যাহত করার মারাত্মক অভিযোগ উঠেছে। প্রাতিষ্ঠানিক অনিয়মের প্রতিকার এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা ও সচেতন অভিভাবকবৃন্দ।
অভিযোগ সূত্রে জানা যায়, ১৯১৫ সালে স্থানীয় সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর মরহুম ড. ফেরাজ উদ্দিনের দানকৃত ৩.০৫ একর জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসলেও, সাম্প্রতিক সময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ভূপেশ চন্দ্র রায় যোগদান করার পর থেকেই শিক্ষার মান আশঙ্কাজনকভাবে নিম্নগামী হতে শুরু করেছে।
অভিভাবকদের দায়েরকৃত অভিযোগে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কয়েকজন শিক্ষক প্রতিদিন হাজিরা খাতায় স্বাক্ষর করে বিদ্যালয় থেকে বের হয়ে যান। নিয়মিত ক্লাস না হওয়ায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়ছে সাধারণ শিক্ষার্থীরা। বিগত ৪/৫ বছর ধরে প্রতিষ্ঠানটির পরীক্ষার ফলাফল মারাত্মকভাবে খারাপ হচ্ছে। ফলশ্রুতিতে, স্বচ্ছল পরিবারের অভিভাবকেরা সন্তানদের বাধ্য হয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন, আর দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে।
অভিযোগের সবচেয়ে গুরুতর দিকটি হলো, ইতিপূর্বে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে স্কুলের বাংলা শিক্ষক মো. মেরাজুল ইসলাম মেরাজ (সোনা) এবং ইংরেজি শিক্ষক প্রভাষ চন্দ্র রায়কে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ উঠেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ স্থানীয় কতিপয় দলীয় ব্যক্তি মোটা অঙ্কের অনৈতিক আর্থিক সুবিধার (উৎকোচ) বিনিময়ে সেই নির্দেশ অমান্য করে ওই দুই শিক্ষককে ক্ষমা করে দেন এবং পুনরায় ক্লাসে নেওয়ার অনুমতি প্রদান করেন।
শিক্ষার সার্বিক পরিবেশ ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে স্থানীয় সচেতন অভিভাবকবৃন্দ কয়েক দফায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেন। তারা অনিয়ম বন্ধ, দুর্নীতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার মান উন্নয়নের জোর দাবি জানান। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিভাবকদের কোনো কথায় কর্ণপাত করেননি। উপরন্তু, নিজের পদ টিকিয়ে রাখতে তিনি বিভিন্ন প্রভাবশালী মহলকে ম্যানেজ করে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।
এমতাবস্থায়, ঐতিহাসিক এই শিক্ষা প্রতিষ্ঠানটির গৌরবময় অতীত ফিরিয়ে আনতে এবং সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভূপেশ চন্দ্র রায়সহ অনিয়মে জড়িত সকল শিক্ষকের বিরুদ্ধে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন ভূক্তভোগী অভিভাবকবৃন্দ। অনিয়ম প্রমাণিত হলে তাদের বরখাস্তসহ কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত