সোনাগাজীতে প্রভাব খাটিয়ে প্রতিবন্ধী বিধবার জমি দখলের অভিযোগ, আদালতে মামলানিজস্ব প্রতিবেদক ঢাকা ফেনীর সোনাগাজীতে এক শারীরিক প্রতিবন্ধী বিধবা নারীর জমি জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। খুরশিদ আলম (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে 'ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩'-এর ৪ (ক)/৮ এবং দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় এই মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী বিবি ফাতেমা (৫০)। তিনি সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের মৃত আবদুর শুক্কুরের স্ত্রী।গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে সোনাগাজীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে এই মামলাটি রুজু করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, সমপুর মৌজার বি.এস ৩৮ নং খতিয়ানভুক্ত সম্পত্তির বৈধ মালিক বাদী বিবি ফাতেমা ও তার সন্তানেরা। কিন্তু আসামীর ছেলে মো. আবদুল আজিজ প্রকাশ রিয়াজ বিগত আওয়ামী লীগ সরকারের ক্যাডার হওয়ার সুবাদে দলীয় প্রভাব খাটিয়ে ও সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে উক্ত ভূমিতে জোরপূর্বক প্রবেশ করে। তারা সেখানে ৩২x১৪ ফুট আয়তনের একটি সেমিপাকা রান্নাঘর এবং ১০x১৪ ফুট আয়তনের একটি লাকড়ির ঘর নির্মাণ করে জায়গাটি বেদখল করে নেয়। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং খুন করার হুমকি দেয়।এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামীরা দীর্ঘদিন ধরে বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে নির্যাতন ও হুমকি দিয়ে আসছিল। এর আগে জানমালের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ (নন-জি.আর-১৫৩/২০২৩) দায়ের করলে আদালত আসামী ও তার ছেলেকে ৫ হাজার টাকার বন্ডে মুচলেকা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এরপরও তারা বেপরোয়া হয়ে এই ভূমি দখলের ঘটনা ঘটায়।বাদী একজন নিরীহ ও শারীরিক প্রতিবন্ধী নারী এবং তার সন্তানেরা প্রবাসে থাকায় স্থানীয় পর্যায়ে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন বলে অভিযোগে জানানো হয়েছে। মামলার সাক্ষী হিসেবে স্থানীয় আরও ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত বর্তমানে মামলাটি আমলে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।