মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গজারিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গজারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন।
উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাতবিন ছিদ্দিক জানান, এ কর্মসূচির আওতায় সরিষা, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারি ও অড়হর—এই সাতটি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা করা হবে। এর মধ্যে সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।
তিনি আরও জানান, উপজেলার আটটি ইউনিয়নে মোট ২ হাজার ৪৮০ জন কৃষকের মধ্যে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। ইউনিয়নভিত্তিক বরাদ্দের মধ্যে হোসেন্দী ইউনিয়নে ৩২০ জন, বালুয়াকান্দি ইউনিয়নে ৩০০ জন, টেঙ্গারচর ইউনিয়নে ৩২০ জন, ভবেরচর ইউনিয়নে ৩২০ জন, বাউশিয়া ইউনিয়নে ৩০০ জন, গুয়াগাছিয়া ইউনিয়নে ৩০০ জন, ইমামপুর ইউনিয়নে ৩০০ জন এবং গজারিয়া ইউনিয়নে ৩২০ জন কৃষক এ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান ইসহাক আলী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুনা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, গজারিয়া উপজেলা যুবদলের সদস্যসচিব নাজির সিকদার, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, গজারিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাসেল দেওয়ান এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

মতামত