আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৫ নং পাথারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী প্রস্তুতি ও রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মমিন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি বিএনপির দলীয় মনোনয়ন পেতে দলের হাইকমান্ডের কাছে জোরালো আবেদন জানিয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ২টায় পাথারিয়া বাজারে নিজ বাসভবনে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার প্রত্যাশা তুলে ধরেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের প্রতি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান বিবেচনায় নিয়ে দলীয় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্যে হাজী আব্দুল মমিন বলেন, তিনি দীর্ঘদিন নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে ৫ নম্বর পাথারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সভাপতির দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রায় ১৭ বছরের শাসনামলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁকে একাধিক মামলা, হামলা ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এত প্রতিকূলতা, চাপ ও প্রলোভন সত্ত্বেও দলের আদর্শ ও রাজনৈতিক অবস্থান থেকে কখনো সরে দাঁড়াননি বলে দাবি করেন এই বিএনপি নেতা।
তিনি আরও বলেন, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী অর্থ ও শ্রম ব্যয় করেছেন।
আব্দুল মমিন বলেন, বিএনপি আমার কাছে কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি আমার দীর্ঘদিনের বিশ্বাস, ভালোবাসা ও রাজনৈতিক জীবনের ঠিকানা। দলের জন্য আমার দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান বিবেচনা করে আসন্ন পাথারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, বিএনপি তাঁকে দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়ন করলে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। নির্বাচিত হলে পাথারিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণ, অবকাঠামোগত উন্নয়ন, জনসেবা এবং এলাকার সার্বিক অগ্রগতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে ইউনিয়নে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রেসব্রিফিংয়ে সংহতি ও সমর্থন জানিয়ে বক্তব্য দেন পাথারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস মিয়া, ইউপি সদস্য মোহাম্মদ রাজ্জাক মিয়া এবং পাথারিয়া গ্রামের পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ তারা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা শব্দুল মিয়া, ৩ নং ওয়ার্ডের মোহাম্মদ ফয়জুল হক, মুসলিম পাঠানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত