সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের চোরাগুপ্তা হামলার প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে লোগাং শান্তিনগর চৌমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লোগাং বাজার প্রদক্ষিণ শেষে লোগাং মেইন রোডে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
১নং লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল জলিল-এর সভাপতিত্বে এবং লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন-এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বেলাল হোসেন সারাদেশে সংঘটিত চোরাগুপ্তা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দলীয় নেতাকর্মীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এসব চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে। সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথে সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে তারা উল্লেখ করেন।
প্রতিবাদ সমাবেশে পানছড়ি উপজেলা বিএনপি ও ১নং লোগাং ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত