পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, প্রাণনাশের হুমকি এবং হয়রানিমূলক মামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ময়মনসিংহের সাংবাদিক সমাজ। এসব ঘটনার প্রতিবাদ, নির্যাতিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দায়ীদের বিচারের দাবিতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ১২ নভেম্বর সকাল ১১টার দিকে গফরগাঁও উপজেলার দক্ষিণ পাগলা থানাধীন কাউরাইত বাজারে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগসংক্রান্ত অনুসন্ধান চালাতে গিয়ে হামলার শিকার হন দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক মোড় মতিউর রহমান এবং স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু। তাঁদের অভিযোগ অনুযায়ী, এ সময় একটি প্রভাবশালী চক্র তাঁদের ওপর হামলা চালায়, গাড়ি ভাঙচুর করে এবং নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায়। বক্তারা ঘটনাটিকে অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সমাবেশ থেকে দৈনিক কাগজের আলো পত্রিকার সম্পাদক বিল্লাল হোসেন মানিক এবং সিনিয়র সাংবাদিক মাইনুদ্দিন উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে হয়রানিমূলক ও ষড়যন্ত্রমূলক দাবি করে অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়। বক্তাদের ভাষ্য, সংবাদ প্রকাশ বা অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কারণে কোনো সাংবাদিককে ভয়ভীতি, হামলা কিংবা আইনি হয়রানির মুখে পড়তে হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিকের সভাপতিত্বে এবং ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি ইয়াহিয়া আরিফ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাব্বির পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রাজিন আহমেদ সামী, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম জামাল উদ্দিন (শামীম), সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান খান, সম্মানিত সদস্য মো. আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, কার্যকরী সদস্য মো. বিল্লাল হোসেন মানিক এবং প্রচার সম্পাদক মো. সেলিম সাজ্জাদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
বক্তারা বলেন, সাংবাদিকতা কোনো ব্যক্তিগত সুবিধা আদায়ের পেশা নয়; বরং জনস্বার্থে তথ্য অনুসন্ধান ও সত্য প্রকাশের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের কারণে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি কিংবা মামলা দিয়ে কণ্ঠরোধের চেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। তাঁরা সংশ্লিষ্ট ঘটনাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা, নির্যাতিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় কার্যকর বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত