সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিরসনে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা প্রসঙ্গে।
অদ্য ১৪/১১/২০২৬ খ্রি. তারিখ বিকাল ১৫:৩০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০১, ঢাকার সম্মেলন কক্ষে সাভার ও আশুলিয়াসহ শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধিকে কেন্দ্র করে উদ্ভূত শ্রমিক অসন্তোষ মোকাবিলা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আশরাফুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পরিচালক (ডিজিএফআই) জনাব মোঃ সাজ্জাদ হোসেন, উপপরিচালক (এনএসআই) জনাব ফয়সল মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মাহাবুবুল ইসলাম সজীব, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) জনাব রাকিবুল হাসান ইশান, সহকারী পরিচালক (বর্ডার গার্ড বাংলাদেশ) জনাব রবিউল ইসলাম, বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ, এনসিপি শ্রমশক্তির নেতাকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষের কারণ, বর্তমান পরিস্থিতি এবং সংকট নিরসনের উপায় নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। এ সময় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ তাঁদের বক্তব্য ও মতামতে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরেন—
ক। চলমান শ্রমিক আন্দোলনে বহিরাগত ব্যক্তিদের অনুপ্রবেশ, সংশ্লিষ্টতা ও ভূমিকা সম্পর্কে নিবিড় অনুসন্ধানপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
খ। শ্রমিকদের যাবতীয় বকেয়া বেতন, ভাতাদি ও অন্যান্য প্রাপ্য পাওনাদি দ্রুত পরিশোধ নিশ্চিত করতে হবে।
গ। শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে হবে এবং কোনো অবস্থাতেই কারখানা বন্ধ রাখা যাবে না।
ঘ। শ্রমিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং রাতের অন্ধকারে শ্রমিকদের গ্রেপ্তার করা থেকে বিরত থাকতে হবে।
ঙ। শ্রমিকরা সরকারের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। স্বল্প সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন করায় তাঁরা সরকারের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সভায় শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সমঝোতা প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সচল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগত ও স্বার্থান্বেষী মহলের অনাকাঙ্ক্ষিত তৎপরতা প্রতিরোধ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত