পরিকল্পিত সন্ত্রাস,নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাওয়ার চৌরাস্তা থেকে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের নেতৃত্বে মিছিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।মিছিলটি মাওয়ার চৌরাস্তা থেকে শুরু হয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় গিয়ে শেষ হয়। পরে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন,দেশের শান্তি,স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।তিনি বলেন,সন্ত্রাস,নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপি সব সময় সোচ্চার রয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন,দেশের স্বার্থবিরোধী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ওমর ফারুক অবাক,সালাম মোল্লা ও বাদল হোসেন হাওলাদার।
এ ছাড়া বক্তব্য দেন আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, হজী মো:রাশেদ,আরিফুজ্জামান লাভলু,সাগর বেপারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান।
সমাবেশে বক্তারা দেশের গণতান্ত্রিক পরিবেশ,শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত