জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট এবং জমি দখলের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বাদী হয়ে মামলাটি করেন। কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হালিম টমকে একমাত্র এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। বাদীর দাবি, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে বাড়ি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছিলেন তিনি। পরবর্তীতে ওই জমি জবরদখলের উদ্দেশ্যে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে আব্দুল হালিম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালান।
এজাহারে আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা লাঠি, রড, হাতুড়ি ও কুড়াল দিয়ে বসতঘরের বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করেন। বাধা দিতে গেলে বাদী ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয় এবং ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়। এছাড়া ঘটনার পর বিচার চাওয়ায় উল্টো বাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় এবং সংসদ সদস্য মেয়ের প্রভাব খাটিয়ে জমি দখল করে নেওয়ার পাশাপাশি বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে পারেননি বলে জানান বাদী।
এদিকে মামলার বিষয়ে অভিযুক্ত আব্দুল হালিম বলেন, "মামলার বিষয়টি আমার জানা নেই, আপনাদের মাধ্যমে জানলাম। আমার নিজের কি জমি কম আছে যে অন্যের জমি দখল করব? মামলা যদি করে থাকে, তদন্তে তা প্রমাণিত হবে। আইন আইনের গতিতে চলবে। হয়তো কারো প্ররোচনায় ইদ্রিস আলী এই মামলা করেছেন।"
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, শনিবার আব্দুল হালিম টমের বিরুদ্ধে জমিজমাসংক্রান্ত বিষয়ে একটি মামলা রেকর্ড করা হয়েছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত