নিজস্ব প্রতিবেদক, গোলাপগঞ্জ (সিলেট):
‘আপনারা ভালো রেজাল্ট দিন, আমি জাতীয়করণ করে দেব’ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়ে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের আশাবাদ ব্যক্ত করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন, ১২৮ বছরের ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটি আরও আগেই জাতীয়করণ করা উচিত ছিল। প্রতিষ্ঠানটি জাতীয়করণের জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং এ বিষয়ে ডিও লেটারও প্রদান করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটির জাতীয়করণের পথ সুগম হবে।
রোববার (১৫ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই বিদ্যাপীঠের ঐতিহ্য ও অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবদান ও নেতৃত্বের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, অবদান ও রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়ালেখার কোনো বিকল্প নেই। তাই সময়ের যথাযথ ব্যবহার করে পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন নয়, নিজেদের সুনাগরিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মো. মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাই, ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জনাব ইসমাইল উদ্দিন খান,গভর্নিং বডির সদস্য কবির আহমদসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী হাম্মাদ সাঈদ এবং পবিত্র গীতা পাঠ করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী বিজয় মালাকার।
স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হাই প্রতিষ্ঠানের ঐতিহ্য, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা জান্নাত আছিয়া ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী উৎস দেবনাথ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন সহকারী অধ্যাপক কাওসার আহমদ কয়েস। এ ছাড়া অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাবলীল ও প্রাণবন্ত উপস্থাপনায় ছিলেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান অতিথি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীও ছাত্র-ছাত্রী শিক্ষক ও অনুষ্ঠানের পাশাপাশি এবার এইচএসসি পরীক্ষায় ৭৩% এবং এসএসসি পরীক্ষায় ৬৩% শিক্ষার্থী পাস করায় সবার প্রশংসা করেন এবং একই সঙ্গে এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে বিভিন্ন শ্রেণি ও বিভাগে মেধা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দীর্ঘ ১২৮ বছর ধরে এ অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, সাংবাদিক, গভর্নিং বডির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত