মুন্সীগঞ্জে দিনব্যাপী বিভাগীয় কমিশনারের পরিদর্শন
আমজাদ হোসেন মিঠু ,
বিশেষ প্রতিনিধি,
মুন্সীগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৬: ঢাকা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান মিঞা রবিবার দিনব্যাপী মুন্সীগঞ্জ জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, ঐতিহাসিক ও পর্যটনকেন্দ্র পরিদর্শন করেন এবং ভূমিসেবা, নারী শিক্ষা, পর্যটন ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে সকাল ৯টায় বিভাগীয় কমিশনার শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি দপ্তরের বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার যাচাই করেন এবং প্রশাসনিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সকাল ১০টায় তিনি শ্রীনগর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। পরে ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টার যাচাই-বাছাইয়ের পাশাপাশি সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভূমিসেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সকাল ১১টায় বিভাগীয় কমিশনার ঐতিহাসিক জমিদার যদুনাথ রায়ের বাড়ি ও বিক্রমপুর জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন ও পুরাকীর্তি ঘুরে দেখেন এবং জেলার ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
দুপুর ১২টায় ভাগ্যকূল হরেন্দ্রলাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনকালে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নারী নেতৃত্বের উদাহরণ অনুসরণ করে শিক্ষার্থীদের সুস্পষ্ট ও দৃঢ় লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরবর্তীতে দুপুর ১টায় তিনি ভাগ্যকূল ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দুপুর ২টায় মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী আড়িয়ল বিল পরিদর্শন করেন। এ সময় তিনি জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে পর্যটন খাতের উন্নয়ন ও বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
বিকেল ৩টা ৩০ মিনিটে মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার। সেখানে নারী শিক্ষার্থীদের জন্য ‘কমফোর্ট জোন—হার স্পেস’ উদ্বোধন করেন তিনি। একইসঙ্গে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন উদ্বোধন এবং শিক্ষার্থীদের জন্য নতুন বেঞ্চ উপহার প্রদান করেন।
বিকেল ৫টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিঞা। এ সময় তিনি আধুনিক, সহজ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
দিনব্যাপী পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে বিভাগীয় কমিশনার জনসেবার মানোন্নয়ন, দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তিনি কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
বিভাগীয় কমিশনারের এই দিনব্যাপী পরিদর্শনে মুন্সীগঞ্জ জেলার প্রশাসনিক কার্যক্রম, ভূমিসেবা, নারী শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা এবং পর্যটন সম্ভাবনার উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত