ভোলার চরফ্যাশন উপজেলার ৬নং নীলকমল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ সজিব হাওলাদারকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের অভিজ্ঞতা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে আসতে চান তিনি।
সজিব হাওলাদার জানান, তিনি যখন থেকে রাজনৈতিক বিষয়গুলো বুঝতে শিখেছেন, তখন থেকেই জিয়া পরিবারের প্রতি তাঁর ভালোবাসা এবং বিএনপির রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হয়েছে। সেই আদর্শ ও রাজনৈতিক বিশ্বাস থেকেই ধীরে ধীরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২০ সাল থেকে ভোলা, বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে ২০২২ সালের ৫ নভেম্বর বরিশালের বিভাগীয় গণসমাবেশ, একই বছরের ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগে বিএনপির গণসমাবেশ, ২০২৩ সালের ২৪ জুন বরিশালে যুবদলের তারুণ্যের সমাবেশ এবং ১২ ও ২৭ জুলাই ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের কথা জানান তিনি।
সজিব হাওলাদার জানান, রাজনৈতিক আদর্শের প্রতি ভালোবাসা ও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে মাত্র ১৮-১৯ বছর বয়সে তাঁকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ২০২৩ সালের ২৮ অক্টোবর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট, শেখ হাসিনার দেশত্যাগের দিন পর্যন্ত দীর্ঘ সময় নিজ এলাকায় ফিরতে পারেননি তিনি। এ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গেও স্বাভাবিকভাবে দেখা করার সুযোগ হয়নি। তাঁর দাবি, এ পরিস্থিতির কারণে ব্যক্তিগত ও কর্মজীবনের পরিকল্পনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক আদর্শ থেকে সরে যেতে চান না সজিব হাওলাদার। ভবিষ্যতে সুন্দর রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক চর্চার প্রত্যাশা নিয়ে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাংগঠনিকভাবে সজিব হাওলাদার এর আগে ৬নং নীলকমল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তারেক জিয়া পরিষদ, চরফ্যাশন উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি ৬নং নীলকমল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী হিসেবে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

মতামত