প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মাদক সেবনের অভিযোগে দুইজন এবং ৬ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে গত ২৬ আগস্ট শাহরাস্তি থানাধীন সাহাপুর দুর্গাবাড়ীর সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসআই (নিঃ) আল আমিন ভূঁইয়া ও এএসআই (নিঃ) মনিরুল হক সঙ্গীয় ফোর্সসহ এ অভিযানে অংশ নেন। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—সাহাপুর (নোয়া বাড়ী) এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে মো. রাসেল আলম (২০) এবং কালিয়াপাড়া (বড় বাড়ী) এলাকার মিজানুর রহমানের ছেলে পারভেজুর রহমান (২৪)।
পরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটক দুই ব্যক্তিকে ১৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে পুলিশ জানিয়েছে। পরবর্তীতে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দের প্রক্রিয়া গ্রহণ করা হয়।
এদিকে, ২৭ আগস্ট শাহরাস্তি মডেল থানা পুলিশের অপর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
ওসি মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শমসেদ হোসেন, এএসআই (নিঃ) মো. হাসান আহমেদ ও এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, শাহরাস্তি থানাধীন টামটা দক্ষিণ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়ারুক এলাকায় টামটা থেকে ওয়ারুক বাজারগামী সড়কে ইবাদ মিয়ার বেড়ির সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে জোবায়ের হোসেন প্রকাশ জুয়েল (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জোবায়ের হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের হরিপুর (জমাদ্দার বাড়ী) এলাকার খানে আলমের ছেলে। তার হেফাজত থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৪, জিআর নং-২৭৭ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত