রংপুরের পীরগাছায় সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে দলটির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার নয় ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে নতুন করে নানা ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা চলছে। এ সময় তিনি জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি ভারতীয়দের পুশইন এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগও করেন তিনি।
আমিনুল ইসলাম রাঙ্গা আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এসব কর্মকাণ্ড প্রতিহত করবে এবং কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ ও সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মণ্ডল বক্তব্য দেন।
তারা আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তাদের বক্তব্য, নির্বাচন বানচাল করতে নানা ধরনের ষড়যন্ত্র হতে পারে। তাই জনগণের জানমালের নিরাপত্তায় নেতাকর্মীদের দায়িত্বশীল ও সতর্ক অবস্থানে থাকতে হবে।
তারা আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মধ্য দিয়েই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত