প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক তিনটি অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারি, অনলাইন জুয়া খেলার অভিযোগে একজন এবং মাদক সেবনের অভিযোগে দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) শাহরাস্তি থানা পুলিশের পৃথক অভিযানে এসব ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের একাধিক চৌকস দল পৃথক এসব অভিযান পরিচালনা করে।
ইয়াবাসহ একজন গ্রেফতার
মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৭ আগস্ট শাহরাস্তি থানাধীন টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া এলাকায় আকদদ বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালানো হয়।
এসআই (নিঃ) শমসেদ হোসেনের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. হাসান আহমেদ, এএসআই (নিঃ) বিশ্বজিৎ নাথ ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
অভিযানকালে মো. আরিফুল্লাহ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাঢ়া (ভূঁইয়া বাড়ি) এলাকার বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৫, জিআর নং-২৭৮ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক আটক
একই দিন শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় শাহরাস্তি মাজারের পূর্ব পাশে মিয়া বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ।
এসআই (নিঃ) শমসেদ হোসেনের নেতৃত্বে এএসআই (নিঃ) মাহফুজুর রহমান ও সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন।
পুলিশের দাবি, সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে জুয়া খেলার সময় আব্দুল্লাহ আল ফারাবি (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শাহরাস্তি পৌরসভার নিজমেহার এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-৩৬ এবং জিআর নং-২৭৯ মূলে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড
অন্যদিকে, শাহরাস্তি থানাধীন চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দাল পদ্মার পাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসআই (নিঃ) শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মাদক সেবনের অভিযোগে ফয়েজুল ইসলাম রিপন (৫০) ও মো. কবির হোসেন (৪৩) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের আদেশে ফয়েজুল ইসলাম রিপনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. কবির হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শাহরাস্তি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদক, অনলাইন জুয়া ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

মতামত