প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মহসিন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) মোঃ ফরিদ উদ্দিন ও এএসআই (নিঃ) মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শাহরাস্তি থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন শ্রীপুর গ্রামে জনৈক গনি হাজীর বাড়ির সামনের পাকা রাস্তায় অভিযান চালানো হয়।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে মোঃ মহসিনকে আটক করে পুলিশ। পরে তার দেহ ও হেফাজতে থাকা সামগ্রী তল্লাশি করে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ মহসিন (২৭) মৃত দেলোয়ার হোসেন ওরফে দেলুর ছেলে। তার মায়ের নাম নাজমা বেগম। তিনি শাহরাস্তি উপজেলার শ্রীপুর (জেলে বাড়ী) এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-৩৭, তারিখ ২৭ আগস্ট ২০২৬ এবং জি আর নং-২৮০।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক কারবারি ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত