কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঢাকা টু রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আতিকুর রহমান শামীমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির মোঃ আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ফেরদৌস হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা–রংপুর লংমার্চের ঘোষণা করা হয়েছে।
তারা লংমার্চ সফল করতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত