মাদারীপুরে নিজ বাড়িতে হামলার অভিযোগ
পূর্বের বিরোধের জের: নিরাপত্তা ও নিরপেক্ষ তদন্তের দাবি
মাদারীপুর প্রতিনিধি | জনতার অনলাইন প্রেসক্লাব
মাদারীপুর সদর উপজেলার ত্রিভাগদী এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে নিজ বাড়িতে প্রবেশ করে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত, প্রকৃত ঘটনা তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মাদারীপুর সদর মডেল থানায় লিখিত আবেদন করা হয়েছে।
লিখিত আবেদনে মোঃ শাহাদাত হোসেন, পিতা—মৃত সেকান্দার আলী চৌধুরী, গ্রাম—ত্রিভাগদী, ডাকঘর—হুগলী, মাদারীপুর সদর উল্লেখ করেন, গত ২২ আগস্ট ২০২৬ তারিখে মাদারীপুর সদর থানার এসআই সাইফুল সংশ্লিষ্ট এলাকায় সরেজমিনে পরিদর্শন করেন। ওই সময় এলাকার উত্তেজনাকর পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের আশঙ্কার বিষয়টি অবগত হয়ে একটি দা/কুড়াল জব্দ করা হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে গ্রামের মুরব্বি হাজী আঃ সালাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় বিষয়টি শান্তিপূর্ণভাবে সুরাহার পরামর্শ দেওয়া হয় এবং সংশ্লিষ্টদের আইন নিজের হাতে না তুলে নিয়ে ধৈর্য ধারণের পরামর্শ দেওয়া হয়েছিল বলে আবেদনকারী জানান।
আবেদনকারী আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার পরামর্শের প্রতি সম্মান দেখিয়ে তারা তখন কোনো মামলা-মোকদ্দমায় না গিয়ে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেন। তবে পরবর্তীতে তার ছোট ভাই মোনজেদ হোসেন, পিতা—মৃত সেকান্দার আলী চৌধুরী, বিভিন্ন সময় ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে মোনজেদ হোসেন তার বড় ভাই মোঃ শাহাদাত হোসেনের বাড়িতে একদল উশৃংখল লোকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রবেশ করে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করেন। এতে শাহাদাত হোসেন রক্তাক্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য মোঃ শাহাদাত হোসেনের স্ত্রী পারুল বেগম শতভাগ হার্ট ব্লোকের মুমূর্ষু রোগী-হার্ট ফাউন্ডেশন এ চিকিৎসায় আছেন তাকেও আঘাত করা হয়েছে।
এ অবস্থায় মোঃ শাহাদাত হোসেন মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগের প্রক্রিয়া চলছে। অভিযোগটি গ্রহণ পূর্বক বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, আহত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
তিনি বলেন, তারা আইন নিজের হাতে তুলে নিতে চান না। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পূর্ণ আস্থা রেখে শান্তিপূর্ণ ও আইনসম্মত সমাধান চান।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
জনতার অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান—অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে শান্তি, সংযম ও আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

মতামত