কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার অভিযোগ তুলে রংপুরে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে রংপুর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা সভাপতি মো. নাজমুল আলম নাজুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব রায়, সহ-সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম গালিব, মাহামুদুল হাসান রানাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অপরদিকে, একই সময়ে রংপুর মহানগর যুবদলের উদ্যোগেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, যুগ্ম আহ্বায়ক ওয়াহেদ মুরাদ, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিনসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
পৃথক সমাবেশে বক্তারা বলেন, দেশের মানুষ ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে—এমন দাবি করে তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং যেকোনো ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত