টাকার অভাবে আটকাবে না দরিদ্র রোগীর চিকিৎসা। ---
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে টাকার অভাবে যাতে কোনো দরিদ্র বা অসহায় রোগীর চিকিৎসা আটকে না যায়, সে লক্ষ্যে এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছে তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন শেরপুর’। দুস্থ রোগীদের জরুরি চিকিৎসায় অর্থের জোগান দিতে হাসপাতাল প্রাঙ্গণে একটি স্থায়ী ‘মানবতার সেবায় দানবাক্স’ স্থাপন করা হয়েছে।
আজ ২৩ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯টায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই দানবাক্সের শুভ উদ্বোধন করা হয়।
দানবাক্সটির শুভ উদ্বোধন ঘোষণা করে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইদুজ্জামান হিমু বলেন, অসহায় রোগীরা যেন অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তরুণদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই দানবাক্সটি মানবতার সেবায় বড় ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (ঢাকা) ইনকাম ট্যাক্স কনসালট্যান্ট ও বগুড়া ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ জাহিদুল ইসলাম রাশেদ। সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সামান্য দান একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। সমাজের সর্বস্তরের মানুষকে এই মহতী উদ্যোগে সামর্থ্য অনুযায়ী হাত বাড়িয়ে দেওয়া উচিত।
হাসপাতালে আসা দুস্থ রোগীদের দুর্ভোগের চিত্র তুলে ধরে ‘ক্লিন শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মোঃ ফয়সাল আহমেদ জোভান বলেন, হাসপাতালে এসে অনেক অসহায় রোগী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো কিংবা জরুরি ওষুধ কেনার টাকা পান না। তাদের তাৎক্ষণিক পাশে দাঁড়াতেই ক্লিন শেরপুরের তরুণরা এই উদ্যোগ নিয়েছে। এখান থেকে সংগৃহীত সম্পূর্ণ অর্থ অত্যন্ত স্বচ্ছতার সাথে শুধু অসহায় রোগীদের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যানার ও প্রচারণায় তারা বার্তা দিচ্ছেন—আপনার সামান্য দান, বাঁচাতে পারে একটি প্রাণ’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতির বক্তব্যে ডাঃ আমিরুল ইসলাম এই উদ্যোগের সুষ্ঠু পরিচালনা ও স্বচ্ছতা বজায় রাখার ব্যাপারে তরুণদের দিকনির্দেশনা দেন এবং হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্লিন শেরপুর’ সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত