মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেসক্লাব ডিমলা নীলফামারীর
সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে নতুন ক্লিনিক-ডায়াগনস্টিক নয়: স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি দেওয়া যাবে না।
একই সঙ্গে ওই সীমানার মধ্যে থাকা বিদ্যমান বেসরকারি ক্লিনিকেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
এই আদেশ বাস্তবায়নে প্রতিটি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সরকারি হাসপাতালের আশেপাশে ব্যাপক হারে বেসরকারি ক্লিনিক গড়ে উঠেছে। সরকারি হাসপাতালে আসা রোগীদের দালালের মাধ্যমে নিজেদের ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে ক্লিনিকগুলোর বিরুদ্ধে। সরকারি হাসপাতালের অনেক চিকিৎসকই নিয়মিত কর্মঘণ্টার পর এসব ক্লিনিকে প্র্যাকটিস করে থাকেন। এই প্রেক্ষাপটেই এই কঠোর নির্দেশনাটি এসেছে বলে জানা গেছে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত