প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
কুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কোরবানপুরের মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার ২৬ আগস্ট ২০২৬,বাঙ্গরা বাজার থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায়, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগিতায় এবং বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিউল আলমের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে বাঙ্গরা বাজার থানাধীন কোরবানপুর এলাকার কথিত মাদক ব্যবসায়ী ও আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য মো. মতিন মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি কোরবানপুর দক্ষিণপাড়া, কিরম মেম্বারের বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম সখিনা বেগম। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদক ও চুরিসহ মোট সাতটি মামলা রয়েছে।
এ অভিযানে মো. আক্তার (৩২) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাধীন মাধবপুর এলাকার হাবিব মিয়ার বাড়ির বাসিন্দা। তার বাবার নাম মৃত আবি মিয়া এবং মায়ের নাম মনোয়ারা বেগম। পুলিশের দাবি, আক্তারের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির ঘটনায় মোট চারটি মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আসামিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত