সুনামগঞ্জের ছাতক উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে মোঃ খালেদ মিয়াকে আহ্বায়ক এবং মোঃ ফজল উদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুশাহিদ আলী। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক (ছাতক-দোয়ারাবাজার) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ। এছাড়া জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন। যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, ফারুক আহমদ নোমান ও আলী আহমদ। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুর উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, মোহাম্মদ শাহজাহান, নাজমুল হাসান জুয়েল, মোঃ আব্দুল ওয়াদুদ ও মোঃ তাজিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, হাওরাঞ্চলের কৃষি, কৃষক ও পরিবেশ রক্ষায় হাওর বাঁচাও আন্দোলনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে ছাতক উপজেলায় হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে কোনো ধরনের অনিয়ম, অবহেলা কিংবা দুর্নীতি বরদাশত করা হবে না। বাঁধের কাজ যথাসময়ে ও সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নজরদারিতে রাখার পাশাপাশি কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
নবগঠিত কমিটির নেতারাও হাওরের জলাবদ্ধতা নিরসন, কৃষকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংগঠন সূত্রে জানা যায়, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় এবং সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুলের পরামর্শ ও নির্দেশনায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করা হয়। পরবর্তীতে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী ও নজরুল ইসলামের সুপারিশের ভিত্তিতে নতুন আহ্বায়ক কমিটির প্রাথমিক অনুমোদন দেন জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সঈদ।
নবগঠিত এ কমিটির মাধ্যমে ছাতক উপজেলায় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং হাওর ও কৃষকের স্বার্থ রক্ষায় সংগঠনটি জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত