মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান
চাঁদপুরের শাহরাস্তিতে রাতের বেলায় অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কিশোরকে আটক করেছে থানা পুলিশ। এ সময় আটক এক কিশোরের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপর চার কিশোরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
পুলিশ জানায়, অভিযানে আটক পাঁচ কিশোরের মধ্যে একজনের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। অন্য চার কিশোরকে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।
পরে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে পাঠানো হয়। অভিভাবকেরা ভবিষ্যতে তাদের সন্তানরা পড়াশোনায় মনোযোগী থাকবে এবং রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন। এ সময় অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর সতর্ক নজর রাখার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ আরও জানায়, আটক চার কিশোরের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাদের ভবিষ্যৎ সংশোধনের সুযোগ দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ জানায়, কিশোরদের মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা ও তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধপ্রবণতা রোধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত