ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি দীর্ঘদিনের। কিন্তু এখনো সেখানে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে চরম দুর্ভোগের আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
দুলারহাট থানা ও এর আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে অগ্নিকাণ্ড এখন এক বড় উদ্বেগের বিষয়। কোথাও আগুন লাগলে দূরবর্তী ফায়ার সার্ভিস স্টেশনের ওপর নির্ভর করতে হয়। ফলে জরুরি মুহূর্তে ফায়ার সার্ভিস পৌঁছাতে বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে। এতে জানমাল ও গুরুত্বপূর্ণ সম্পদের ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি হয়।
স্থানীয়দের অভিযোগ, দুলারহাট একটি গুরুত্বপূর্ণ জনবসতিপূর্ণ এলাকা। এখানে রয়েছে বাজার, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও অসংখ্য বসতবাড়ি। অথচ এত গুরুত্বপূর্ণ এলাকায় এখনো একটি ফায়ার সার্ভিস স্টেশন না থাকা অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু অগ্নিনির্বাপণ নয়, সড়ক দুর্ঘটনা, উদ্ধার অভিযানসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি দুলারহাটে দ্রুত একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এলাকাবাসীর প্রশ্ন—বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কি আমাদের এই দাবি গুরুত্ব পাবে? নাকি দুর্ঘটনার আগেই নেওয়া হবে প্রয়োজনীয় উদ্যোগ?
দুলারহাটবাসীর প্রত্যাশা, জননিরাপত্তার স্বার্থে দ্রুত এই দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

মতামত