উন্নয়ন মানে শুধু বড় বড় দালানকোঠা বা পিচঢালা হাইওয়ে নয়; প্রকৃত উন্নয়ন শুরু হয় মানুষের মৌলিক ও নিত্যদিনের যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ করার মধ্য দিয়ে। নিজ জন্মভূমির প্রতি ভালোবাসা আর সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক কৃতি সন্তান এবার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করলেন। নিজস্ব অর্থায়নে এবং নিজের পৈতৃক সম্পত্তি ব্যবহার করে গ্রামীণ সড়কের স্থায়িত্ব ও বড় ধরনের ভাঙন রোধে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মোজাম্মেল হক চঞ্চল।
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড। মধ্য সৈয়দ বস্তা বড় ব্রিজের ঢাল থেকে সৈয়দ বস্তা বাজারগামী এই রাস্তাটি দিয়ে প্রতিদিন চলাচল করেন শত শত মানুষ। কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কটি এখন চরম ঝুঁকির মুখে।সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির বিভিন্ন অংশ এতটাই সরু এবং এর পাশে গভীর ডোবা বা বেড় থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে রাস্তাটির প্রায় ৬০ থেকে ৭০ ফুট অংশজুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। বছরের শেষ না হতেই ৩০ শতাংশ রাস্তা পশ্চিম পাশের ডোবায় দেবে গেছে। একদিকে পারিবারিক কবরস্থান, অন্যদিকে গভীর ডোবা—সব মিলিয়ে প্রায় ৮৫-৯০ ফুট এলাকা জুড়ে এখন চরম ভাঙনের ঝুঁকি রয়েছে।"
দিন দিন এই ভাঙন বাড়তে থাকলে একসময় পাশের পারিবারিক কবরস্থান ও ডোবার গ্রাসে বিলীন হওয়ার উপক্রম হতো। এলাকার সাধারণ মানুষ ও মুরুব্বিরা যখন চরম দুশ্চিন্তায়, ঠিক তখনই এগিয়ে এলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ও এলাকার কৃতি সন্তান মোজাম্মেল হক চঞ্চল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে তিনি শুধু সহযোগিতাই করেননি, বরং নিজের পৈতৃক সম্পত্তিতে বালু ভরাট করে রাস্তাটিকে প্রশস্ত ও স্থায়ী করার এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন।"
এই মহৎ উদ্যোগ সম্পর্কে মোজাম্মেল হক চঞ্চল বলেন আমি এই গ্রামেরই সন্তান। এখানেই আমার জন্ম, ছোট থেকে বড় হওয়া; এই গ্রামের আলো-বাতাস আমার গায়ে মেখেছে। গ্রামের প্রতিটি মানুষ আমার খুব আপনজন। তাদের যেকোনো দুর্ভোগ বা কল্যাণের জন্য আমি যেকোনো ব্যবস্থা নিতে সর্বদা প্রস্তুত। রাস্তাটির একপাশে পারিবারিক কবরস্থান আর অন্যপাশে গভীর ডোবা থাকায় সাধারণ মানুষ ও যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছিল। রাস্তার এক তৃতীয়াংশ ইতোমধ্যে ফাটল ধরে পশ্চিম দিকে ধসে নেমে গেছে, যা দিন দিন ভয়ংকর রূপ নিচ্ছিল। এর আগে রাস্তার পাড় রক্ষায় অনেকগুলো গাছ পাইলিং করে দিয়েছিলাম, কিন্তু তাতেও ভাঙন পুরোপুরি রোধ করা যাচ্ছিল না। তাই স্থানীয় মুরুব্বিদের অনুরোধে ডোবার মাঝে নিজ অর্থায়নে বালু ভরাট করে দিচ্ছি, যাতে রাস্তাটি আরও প্রশস্ত ও স্থায়ী হয়। কিছু কুচক্রী মহল হয়তো ভালো কাজটিকে চোখে দেখতে পারছে না, তবে আমি অতীতেও সাধারণ মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকব।গ্রামের সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এবং গ্রামীণ অবকাঠামো সুরক্ষায় একজন সাংবাদিকের এই নিজ উদ্যোগে এগিয়ে আসার ঘটনা সত্যিই প্রশংসনীয়। এলাকার সচেতন মহল আশা করছেন, এই ধরনের জনকল্যাণমূলক কাজ গ্রামীণ জনপদে আরও বেশি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে স্থানীয়রা মনে করছেন।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত