নিজস্ব প্রতিবেদক:
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ বা সরকারিকরণের ক্ষেত্রে পাঁচটি মূল শর্ত নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সরকারিকরণের জন্য বিবেচিত হতে হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্ধারিত পাঁচটি শর্ত বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।
১৩ নভেম্বর ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারিকরণের জন্য বিবেচিত হতে হলে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নোক্ত শর্তগুলো পূরণ করতে হবে।
নির্ধারিত পাঁচটি শর্ত হলো:
১. ফলাফলের ধারাবাহিকতা: বিগত পাঁচ বছরে ধারাবাহিকভাবে পরীক্ষায় পাসের হার ন্যূনতম ৭০ শতাংশ বা তার বেশি হতে হবে।
২. শিক্ষার্থী ভর্তি: প্রতিষ্ঠানের মোট অনুমোদিত আসনের অন্তত ৮০ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তি থাকতে হবে। তবে ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য।
৩. পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ: শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের কমপক্ষে ৮০ শতাংশকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
৪. নিজস্ব জমি: ভবিষ্যতে অবকাঠামোগত সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানের নামে কমপক্ষে ৬৬ শতাংশ নিষ্কণ্টক নিজস্ব জমি থাকতে হবে।
৫. খেলার মাঠ: শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের স্বার্থে প্রতিষ্ঠানের নিজস্ব খেলার মাঠ থাকলে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবগতির জন্য এ নির্দেশনা জারি করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
শর্তের আড়ালে বিশেষ অগ্রাধিকার, হতাশায় সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান!
তবে নতুন শর্ত নির্ধারণের পাশাপাশি সরকারিকরণের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে। সমালোচকদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত শিক্ষার মান, দীর্ঘদিনের অবদান, শিক্ষার্থীসংখ্যা ও জনস্বার্থের বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন না করে যদি প্রতিষ্ঠাতা পরিবারের বা বংশপরম্পরায় পরিচালিত নিজস্ব প্রতিষ্ঠানগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়, তাহলে সাধারণ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে হতাশা তৈরি হওয়া স্বাভাবিক।
প্রশ্ন উঠেছে, সরকারিকরণের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার পারিবারিক পরিচয় কিংবা মালিকানার চেয়ে শিক্ষার মান, জনস্বার্থে অবদান, ঐতিহ্য ও সামগ্রিক সক্ষমতা কেন প্রধান বিবেচ্য হবে না? দেশের অসংখ্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বছরের পর বছর ধরে সীমিত সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। অনেক প্রতিষ্ঠান স্থানীয় জনগণের সহযোগিতা, শিক্ষকদের শ্রম ও অভিভাবকদের ত্যাগের বিনিময়ে আজকের অবস্থানে পৌঁছেছে। তাদের অবদানও যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন।
শিক্ষা কোনো নির্দিষ্ট পরিবার বা গোষ্ঠীর সম্পত্তি নয়; এটি জাতির ভবিষ্যৎ নির্মাণের অন্যতম ভিত্তি। তাই সরকারিকরণের নীতিমালায় সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ, স্বচ্ছতা ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। বিশেষ অগ্রাধিকারের মানদণ্ড কী, কোন প্রতিষ্ঠান কীভাবে অগ্রাধিকার পাবে এবং সেই মূল্যায়ন কতটা নিরপেক্ষ হবে-তা স্পষ্ট করা প্রয়োজন।
শিক্ষাসংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, সরকারিকরণের সিদ্ধান্ত যেন কোনো বিশেষ প্রতিষ্ঠান বা গোষ্ঠীর স্বার্থে সীমাবদ্ধ না থাকে। বরং প্রকৃত যোগ্যতা, শিক্ষার মান, দীর্ঘদিনের অবদান এবং জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বৈষম্যহীন ও স্বচ্ছ নীতিমালা বাস্তবায়ন করা হোক। অন্যথায় শর্তের আড়ালে বৈষম্যের অভিযোগ এবং সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর হতাশা আরও বাড়তে পারে।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

মতামত