মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু।
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারের মধ্য দিয়ে এ কর্মসূচির স্থানীয় পর্যায়ের কার্যক্রম শুরু হয়।
এর আগে সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে জাতীয় পর্যায়ে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা প্রশাসনও অনলাইনে উদ্বোধনী আয়োজনে অংশ নেয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় স্থানীয় পর্যায়ের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় ঘুরে অভিযানটি চৌমুহনা পয়েন্টে পৌঁছায়। পরে সেন্ট্রাল রোডসহ শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় মশক নিধনে ফগিং করা হয়। জেলা তথ্য অফিসের পক্ষ থেকে মাইকিং করে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়। বিশেষ করে বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
অভিযান চলাকালে শহরের বিভিন্ন স্থানে থাকা বিলবোর্ড, ব্যানার ও অপ্রয়োজনীয় প্রচারসামগ্রীও অপসারণ করা হয়। সংশ্লিষ্টরা বলছেন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মশার বংশবিস্তার রোধে নিয়মিত এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, বিএনসিসি, বাংলাদেশ স্কাউটস এবং পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও সক্রিয় হতে হবে। বাড়ি, কর্মস্থল ও আশপাশে কোথাও পানি জমতে না দেওয়ার পাশাপাশি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আওতায় আগামী তিন মাস প্রতি শনিবার মৌলভীবাজারসহ দেশের সব জেলা, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

মতামত