অটোরিকশা-অটোবাইক চুরি-ছিনতাই প্রতিরোধে নীলফামারীতে চালকদের নিয়ে বিট পুলিশিং
মোঃ মনোয়ার হোসেন জনতার অনলাইন প্রেস ক্লাব ডিমলা নীলফামারী প্রতিনিধি
অটোরিকশা ও অটোবাইক চুরি-ছিনতাই প্রতিরোধে নীলফামারীতে চালকদের নিয়ে বিশেষ জনসচেতনতামূলক বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১টার দিকে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে এবং পরে কোর্ট চত্বরে অটোরিকশা ও অটোবাইক চালকদের নিয়ে এই সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় চোরচক্র কীভাবে বিভিন্ন কৌশল ও অভিনব পদ্ধতিতে Modus Operandi অটোরিকশা ও অটোবাইক চুরি করে থাকে, সে বিষয়ে চালকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি চুরি ও ছিনতাই প্রতিরোধে চালকদের করণীয় সম্পর্কেও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।
হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নজরদারি
চালকদের সহযোগিতায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দেওয়া হয়েছে। কোনো অপরিচিত ব্যক্তি রিজার্ভ ভাড়া নিলে তার ছবি ও মোবাইল নম্বর সংগ্রহ করে গ্রুপে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে রিজার্ভে কোথায় যাচ্ছেন, সে তথ্য কয়েকজন চালককে জানিয়ে যাওয়ার জন্যও বলা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে কোনো অটোরিকশা বা অটোবাইক চুরির ঘটনা ঘটলে চালকদের সরবরাহ করা ছবি ও মোবাইল নম্বরের সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্ত ও চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে।
এ সময় চালকদের মাঝে চুরি প্রতিরোধে করণীয় ও সতর্কতামূলক বিভিন্ন তথ্যসংবলিত চিঠি বিতরণ করা হয়। পাশাপাশি এসব পরামর্শ অন্য চালকদের মাঝেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ ফারুক আহমেদ পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, নীলফামারী সার্কেল। এছাড়া নীলফামারী ও সদর থানার মোবাইল টিমের ইনচার্জ এসআই মনির হোসেন সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নীলফামারী ও জলঢাকা থানার সকল ইউনিয়ন ও বিটের আওতাধীন একাধিক অটোস্ট্যান্ডে বিট অফিসারদের মাধ্যমে এ ধরনের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি সপ্তাহে প্রত্যেক বিটে একাধিক স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য থানাতেও একই ধরনের সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
জেলা পুলিশের এমন উদ্যোগে অটোরিকশা ও অটোবাইক চুরি-ছিনতাই প্রতিরোধে চালকদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি পুলিশ ও চালকদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত