শ্রীনগরে অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটে শ্রীনগর থানাধীন শ্রীনগর স্টেডিয়াম সংলগ্ন গ্যারান্টি ফার্নিচার দোকানের সামনের পাকা সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোসা. সাবিনা বেগম (৩০) এবং মোছা. আইরিন ওরফে রত্না বেগম (৩৮)। তারা দুজনই মুন্সীগঞ্জ জেলার পদ্মাসেতু উত্তর ও শ্রীনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মুন্সীগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারীর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত