কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি দায়িত্ব পালনে বডি অর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার ও জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত প্রতিটি পুলিশ সদস্যকে নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের জানমাল ও নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকিরসহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত