প্রতিবেদক : আলম চৌধুরী সিনিয়র (ক্রাইম রিপোর্টার)
আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী ও বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন চাকমা।
সভায় নবযোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. রনজিৎ মজুমদার, সাধারণ সম্পাদক মলিন দেবনাথসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপগুলোর প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজার সময় বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা উপজেলা প্রশাসনের কাছে তুলে ধরেন।
সভায় জানানো হয়, এ বছর মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে মোট ১২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পূজাকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজামণ্ডপের আশপাশের পরিবেশ, যাতায়াত ব্যবস্থা এবং উৎসব চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মিলন চাকমা সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি এসব সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেন এবং শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানান।
সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

মতামত