সাভার-আশুলিয়ায় স্বাভাবিক কর্মপরিবেশ, কারখানায় প্রবেশ করেছেন পোশাক শ্রমিকরা
সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল থেকেই শিল্পাঞ্চলের অধিকাংশ তৈরি পোশাক কারখানায় স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা কোথাও বড় ধরনের শ্রমিক অসন্তোষ বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। এতে স্বস্তি ফিরেছে শিল্পাঞ্চলের শ্রমিক, মালিক ও সাধারণ মানুষের মধ্যে।
বুধবার সকালে সাভারের হেমায়েতপুর, উলাইল, গেন্ডা, সাভার বাসস্ট্যান্ড, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, বাইপাইল ও নিশ্চিন্তপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় ঘুরে স্বাভাবিক কর্মচাঞ্চল্য দেখা যায়। সকাল থেকেই দলবেঁধে কারখানায় প্রবেশ করেন পোশাক শ্রমিকরা। নির্ধারিত সময়ে কারখানার উৎপাদন কার্যক্রম শুরু হয় এবং দিনভর কর্মব্যস্ত সময় পার করেন শ্রমিকরা।
সাম্প্রতিক সময়ে মজুরি বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে যে অস্থিরতা তৈরি হয়েছিল, তার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে তৈরি পোশাক খাত। শ্রমিকদের মধ্যে কর্মস্থলে ফিরে আসার প্রবণতা এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকায় শিল্পাঞ্চলে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।
কর্মরত কয়েকজন পোশাক শ্রমিক জানান, তারা শান্তিপূর্ণ পরিবেশে কাজ করতে চান। কর্মস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না তারা। ন্যায্য মজুরি ও শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দেন তারা।
তাদের মতে, শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোলা রাখা জরুরি। পাশাপাশি কর্মস্থলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে শ্রমিক ও মালিক উভয় পক্ষই উপকৃত হবেন।
সব মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার কোথাও কোনো অফিসে কর ঘটনার তথ্য পাওয়া যায়নি। সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় থাকায় শ্রমিকদের মধ্যে স্বস্তি দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, পারস্পরিক আলোচনা, সহযোগিতা ও সহনশীলতার মাধ্যমে শিল্পাঞ্চলে এই স্থিতিশীলতা অব্যাহত থাকবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত