খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং বাজারের চর এলাকায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে রয়েছে স্থানীয় বাসিন্দাদের বসতবাড়ি, ফসলি জমি এবং কেন্দ্রীয় মসজিদের জন্য নির্ধারিত ২০ শতাংশ জায়গাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা।
সরেজমিনে দেখা যায়, নদীর পাড় ভেঙে ক্রমেই লোকালয়ের দিকে এগিয়ে আসছে। ইতিমধ্যে ফসলি জমির বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় নদীর তীরবর্তী বসতবাড়ি এবং কেন্দ্রীয় মসজিদের নির্ধারিত জায়গাটি যেকোনো মুহূর্তে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও তা রোধে এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ।
ক্ষতিগ্রস্ত একাধিক পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেন, "নদীভাঙন এভাবে চলতে থাকলে আমরা আমাদের শেষ সম্বল বসতভিটাটুকুও হারিয়ে ফেলব। তখন পরিবার-পরিজন নিয়ে কোথায় আশ্রয় নেব, কীভাবে দিন কাটাব—এই দুশ্চিন্তা আমাদের প্রতিনিয়ত তাড়া করে ফিরছে।"
এলাকাবাসীর দাবি, দ্রুততম সময়ের মধ্যে নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ বা জিও ব্যাগ ফেলার উদ্যোগ না নিলে লোগাং বাজারের চর এলাকার মানচিত্র থেকে বহু স্থাপনা ও বসতভিটা হারিয়ে যাবে। এ বিষয়ে তাঁরা স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত