কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় অগ্নিনির্বাপণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের আলহাজ্ব কে এইচ এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে শিক্ষার্থী ও অভিভাবকদের অগ্নিকাণ্ডের কারণ, আগুন লাগলে তাৎক্ষণিক করণীয়, প্রাথমিকভাবে আগুন নেভানোর কৌশল এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা নেওয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
এ সময় অগ্নিনির্বাপণ সরঞ্জামের ব্যবহার, আগুন লাগলে নিরাপদে বেরিয়ে আসার কৌশল এবং দুর্ঘটনার সময় আতঙ্কিত না হয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ গ্রহণের বিষয়ে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল হোসেন মিরনসহ অন্যান্য শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার খলিলুর রহমান।
আয়োজকরা জানান, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীরা এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নিজেদের পরিবার ও সমাজের অন্যদের মধ্যে ছড়িয়ে দিলে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

মতামত